প্রতিবন্ধী শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন জায়েদ খান

নায়ক হিসেবে তিনি হয়তো ততটা সফল নন কিন্তু মানুষ হিসেবে তাকে ইন্ডাস্ট্রির অনেকেই পছন্দ করেন। যারা জায়েদ খানকে কাছ থেকে দেখেছেন তারা এই নায়কের প্রশংসাই করেন। বিভিন্ন ধরনের অনুযোগ, অভিযোগ আছে এই নায়কের বিরুদ্ধে, কিন্তু অনেকেই আবার বিপদে এই নায়ককেই পাশে পেয়েছেন।

৩০ জুলাই ছিল জায়েদ খানের জন্মদিন। এদিন সাধারণ মানুষ তো বটেই, ইন্ডাস্ট্রির অনেকেই জায়েদ খানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আর জায়েদ খান তার জন্মদিনটি কোথায় কাটিয়েছেন জানেন? বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সাথে।

জায়েদ খান নিজের ফেসবুক ওয়ালে জন্মদিনে এসব শিশুদের সাথে কাটানো কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে এই নায়ক লিখেছেন, ‘মা ছাড়া এই প্রথম জন্মদিন। বরাবরের মত বুদ্ধি-প্রতিবন্ধী নিষ্পাপ শিশুদের সাথে।’

শুধু এবারই নয়, বেশ কয়েক বছর ধরেই তিনি জন্মদিন এসব বাচ্চাদের সাথেই পালন করেন।

ঢাকাই সিনেমার আলোচিত এই নায়কের আসল নাম জহিরুল হক মনু। ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।

শুধু অভিনয় নয় ২০১৭ সালে তিনি ‘অন্তর জ্বালা’ নামের চলচ্চিত্র প্রযোজনা করেন, যা তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী, যেখানে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি।

জায়েদ ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েকদিন তার প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় নিপুণ আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে পাল্টাপাল্টি মামলায় এই পদটি স্থগিত রয়েছে।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্যও হয়েছেন এই চিত্রনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *