‘প্রবাসীরাই আমাদের আসল ভিআইপি, তাদের কারণেই শান্তিতে ঘুমাতে পারি আমরা’ ফেসবুক পোস্টের মাধমে এমন মন্তব্য করেছেন সাবেক রেলওয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
নিরাপদ খাদ্য থেকে রেলওয়ের অতিরিক্ত সচিব- সর্বক্ষেত্রেই তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। সাবেক এই সরকারি কর্মকর্তা সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নানান রকমের বিষয় নিয়ে গঠন মূলক আলোচনা করে থাকেন তিনি।
সোমবার (১ আগস্ট) সকালে ফেসবুক স্ট্যাটাসে মিলন বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এয়ারপোর্টে সম্পূর্ণ ঝামেলামুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। এয়ারপোর্টের নতুন থার্ড টার্মিনালে সম্পূর্ণ আলাদা প্রবাসী জোন বা এলাকা করে সেখানে তাদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ট্রিট করার ব্যবস্থা করা হোক।’
‘দেশের ব্যাংকে তাদের টাকা আসলে বিনা প্রশ্নে খুব দ্রুত টাকা বিলি করার ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রবাস থেকে যেকোনো পরিমাণ টাকা যেন ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারে, প্রয়োজনে আমাদের ব্যাংকের শাখা বা বুথ সেখানে স্থাপনের ব্যবস্থা করা হোক’ যোগ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘গত একমাসে প্রবাসীরা প্রায় দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। তারাই আমাদের আসল ভিআইপি। তাদের কারণেই শান্তিতে ঘুমাতে পারছি আমরা। এই বিপদে আমাদের প্রবাসী ভাই-বোনেরাই আমাদের পাশে আছেন এবং থাকবেন। আল্লাহ তাদের হেফাজত এবং সর্বাঙ্গীণ মঙ্গল করুন।’
