কি হবে আমার, আল্লাহ কেন গরিব আর কালো বানায়ে পাঠালো: হিরো আলম

ইউটিউব ও ফেসবুকের ভাইরাল মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি যেমন পরিচিত তেমনি নানা কারণে বিতর্কিতও। সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন রবীন্দ্রসংগীত গেয়ে।

হিরো আলমের অভিযোগ, রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি না গাওয়ার ব্যাপারে তার কাছ থেকে মুচলেকা নিয়েছে পুলিশ। তার নামের প্রথম অংশ ‘হিরো’ পরিবর্তন করার নির্দেশও দেয়া হয়েছে। এ ছাড়া পুলিশের পোশাক পরে অভিনয়ে আপত্তি জানিয়েছে ডিবি।

এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালেচনা। বিষয়টিতে ব্যক্তিগত স্বাধীনতায় প্রশাসনের হস্তক্ষেপ বলে সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করছেন হিরো আলম নিজেও।

এদিকে রোববার (৩১ জুলাই) নিজের ফেসবুক একাউন্টে ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে হিরো আলম লিখেছেন, কি হবে আমার আমি জানি না। আল্লাহ কেনো গরিব আর কালো বানায়ে পাঠালো পৃথিবীতে।

এর আগে গত ২৯ জুলাই আরেক স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘রবীন্দ্রনাথের গান গাওয়া আর পুলিশের পোশাক পরার কারণে ডিবি অফিসে ডাক পড়েছিল। আজ নিজের লেখা গান গাইলাম কয়েদির পোশাক পরে। তবে কি আজও ডাক পড়বে, আবার অপরাধ করলাম নাকি।

তিনি বলেন, দেশের জন্য কাজ করি, বিদেশ থেকে রেমিট্যান্স আনি। সেই টাকায় নিজে চলি, কনটেন্ট বানাই, অফিস চালাই আর মানবিক কাজ করি। এটা কি আমার অপরাধ। গান পছন্দ না হলে শুনবেন না। অভিনয় ভালো না লাগলে দেখবেন না। কিন্তু ষড়যন্ত্র করবেন না। আমার পেছনে লাগবেন না। আমি গরিব ঘরের সন্তান। ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একজন, নিজের প্রতি বিশ্বাস আছে। আমি আমার কাছে হিরো। সুবিধাবঞ্চিত হাজার, লাখো মানুষের কাছে অনুপ্রেরণা।’

তিনি আরও লেখেন, ‘আমি শিক্ষিত না, গুণ নেই, গায়ক নই, অভিনেতা নই, এটাই কি আমার অপরাধ। আমি চেষ্টা করি আর দর্শকদের জন্য সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে। আমি নিয়মিত গান ও অভিনয় করব। আশা করছি, আরও ভালো কনটেন্ট দেব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *