কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর থানার শেখবাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম, বরগুনার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম, একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল ও যশোরের মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কালিয়াকৈরে থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক যাত্রী মারা যায়। আহত হয় অটোরিকশার ৩ যাত্রী। পরে স্থানীয় লোকজন আহত তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে একজনের মৃত্যু হয়।
পরে রাতেই টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
