ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। বর্তমানে অন্তঃসত্ত্বার স্বাদ ভাগ করছেন তিনি। এ কারণে সিনেমার কাজ থেকে আপাতত দূরে থাকলেও ভক্ত-অনুরাগীদের থেকে একদমই দূরে নেই এই অভিনেত্রী।
পরীমণি সব সময় ভক্ত-অনুরাগীদের সঙ্গে ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় ভাগ করে নেন। মন খারাপ, ভালো লাগা, সুখ-দুঃখের বিভিন্ন স্মৃতি ও ক্যারিয়ারের নানাদিক তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এভাবেই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে থাকেন তিনি।
এই অভিনেত্রী মাত্র তিন বছর বয়সেই মা হারান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। ছোট বেলায় মা হারা হয়ে নানা-নানির কাছে বেড়ে উঠেন তিনি। পরবর্তীতে তারা বাবারও মৃত্যু হয়। আর মা-বাবার অনুপস্থিতিতে নানা-নানিই সবকিছু পরীর কাছে।
পরীমণি ছোট বেলায় মা-বাবা হারালেও ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে অনেক মানুষকে পাশে পেয়েছেন। তাদের কারো কারো ভালোবাসায় কখনো ‘মা’ এর আদরও খুঁজে পান তিনি। তেমনই একজন অভিনেত্রী শিল্পী সরকার অপু।
বুধবার রাতে পরীমণির জন্য নিজ হাতে বিভিন্ন পদের খাবার রান্না করে এনেছেন শিল্পী সরকার অপু। সঙ্গে নিয়েছেন দুইটি শাড়ি, জামা ও ফুল। যা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন তিনি। খাবার ও উপহারের ছবি তুলে প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয়, নিজের খাওয়ার ছবিও প্রকাশ করেছেন।
ছবি ও ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, “আজ মা এসেছিল তার হাতের এতো পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কী রান্না! ফুল, এক জোড়া শাড়ি, জামা আর এতোগুলো আদর! এই যে একটা শাড়ি পরেও ফেললাম। মা শিল্পী সরকার অপু, এই মাকে আমি পেয়েছি ‘স্বপ্নজাল’ থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।”
অপুকে মা বলে সম্বোধন করেন পরী। কারণ, ‘স্বপ্নজাল’ শিরোনামের একটি সিনেমায় তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই থেকে তাদের মধ্যে মা-মেয়ের সম্পর্ক বিরাজ করছে।
