মির্জাপুরে গাছ কাটতে বাধা দেওয়ায় মারধরের অভিযোগ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোর পূর্বক গাছ ও বাঁশ কাটতে বাধা দেওয়ায় মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছালাম মিয়া।

মঙ্গলবার (২৬ জুলাই) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ। ঘটনাটি তরফপুর ইউনিয়নের ডৌহাতলী গ্রামে ঘটেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ডৌহাতলী গ্রামের বেলাল হোসেন (৬৮) ও তার ছেলে আতিক মিয়া (৩৬) জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে গত শুক্রবার সকালে ছালাম মিয়ার জমির গাছ ও বাঁশ কাটতে যায় অভিযুক্তরা। কাটতে বাধা প্রদান করলে বেধড়ক মারধর করে।

এসময় ছালামের ছেলে আবু তাহের মিয়ার গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ মৃত্যুর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বেলাল ও আতিক। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *