বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এই অভিনেত্রীর একমাত্র ছেলে অনীক কানাডায় বসবাস করেন। সেখানেই পড়াশোনা শেষ করে চাকরি করছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটাতে রোববার (২৪ জুলাই) রাতে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
এক সময়ের চিত্রনায়িকা ববিতা বলেন, ‘মায়ের মন বলে কথা। কয়েক মাস আগে এসেছি। কিন্তু মন কেমন করছে। তাই আবারও যাচ্ছি। কয়েক মাস ছেলের সঙ্গে থাকব।’
তিনি আরও বলেন, ‘ছেলের জন্য মায়ের ভালোবাসা নিয়ে যাচ্ছি কানাডায়। সন্তানের জন্য মায়ের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই।’
একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বসবাস রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশানে। ছেলে অনিক থাকেন কানাডার ওয়াটার লু এলাকায়। এ বছরের শুরুর দিকে ববিতা কানাডা থেকে ঢাকায় এসেছিলেন। ফের গেলেন ছয় মাস বাদে। কানাডা থেকে যুক্তরাষ্ট্র হয়ে নায়িকা দেশে ফিরবেন আগামী নভেম্বরে।
ববিতা জানান, ‘যাওয়ার পরই মা-ছেলে একসঙ্গে মজার সব রান্না করব আর খাব। রান্না করতে মন না চাইলে বাইরে গিয়ে কোথাও খেয়ে নেব। কানাডায় গেলে টুকটাক বাজার করি। বাংলাদেশ থেকে কাপড়চোপড় নিয়ে যাই, সেটা অনিক পছন্দ করে না। ও বলে, আমি সঙ্গে থাকব শুধু। দরকার হলে ঘুরে ঘুরে সব কিনব।’
ববিতা বলেন, ‘অল্প বয়সে চলচ্চিত্রে এসেছিলাম। অনেক শখ পূরণ করতে পারিনি। এখন হাতে সময় আছে, যে শখগুলো পূরণ করতে পারিনি, সেগুলো পূরণের চেষ্টা করি।’





