শাকিবের বিয়েতে আমি আর জয় মহানন্দ করব: অপু বিশ্বাস

একসময় ঢালিউডের অন্যতম সেরা জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। জুটি বেঁধে তারা ৭০টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন। যার বেশির ভাগই দর্শকপ্রিয় ও ব্যবসাসফল। দীর্ঘদিন একসঙ্গে কাজের সুবাদেই তারা একে অন্যের কাছাকাছি আসেন, সম্পর্কে জড়ান। ২০০৮ সালে বিয়েও করেন।

কিন্তু দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখেন তারকা জুটি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের। গোপন রাখা হয় এ খবরও।

অবশেষে ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সবকিছু প্রকাশ করেন অপু বিশ্বাস।

তাদের সেই সুখের সংসার একসময় ভাঙনে গড়ায়। বিচ্ছেদ ঘটে ঢালিউডের অন্যতম সেরা এই জুটির। এরপর পেরিয়ে গেছে কয়েকটি বছর। শাকিব-অপু দুজনই যে যার মতো ব্যস্ত। তাদের একমাত্র পুত্র জয় থাকছেন মায়ের সঙ্গেই।

সম্প্রতি শাকিব খান ঘোষণা দিয়েছেন ফের বিয়ে করার। বিয়ের জন্য খুব শিগগিরই দেশে ফেরার ঘোষণাও দিয়েছেন তিনি। শাকিব জানান, দেশে ফিরে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন। তার জন্য পাত্রীও দেখা হচ্ছে।

শাকিবের ফের বিয়ের এই খবর পৌঁছেছে অপু বিশ্বাসের কানেও। এ বিষয়ে দেশের একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে অপু বলেন, এটা তো অবশ্যই সুখবর, সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহানন্দ করব।

নিজের ফের বিয়ের প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘জীবন তো আর একাকী চলে না। আমিও বিয়ে করব। তবে এখনই নয়। হাতে অনেক কাজ জমা আছে। সব দায়িত্ব শেষ করে আদর্শবান ও কেয়ারিং একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই।’

জীবনকে যন্ত্রের সঙ্গে তুলনা করে অপু বিশ্বাস বলেন, ‘আসলে জীবন হচ্ছে একটা যন্ত্রের মতো। যতক্ষণ ওটা নড়াচড়া করে ততক্ষণই বুঝতে হবে তাতে প্রাণ আছে। যখন ওটা থেমে যাবে তখনই বুঝতে হবে তার মরণ হয়েছে। আমি জীবন-যন্ত্রটাকে সহজে মরতে দিতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *