নাট্যাঙ্গনের নতুনদের মধ্যে অভিনয়ে অভিষেক হওয়ার অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী কেয়া পায়েল। গত ঈদে তাকে ২০টির বেশি নাটকে অভিনয়ে দেখা যাচ্ছে।
যারমধ্যে একাধিক নাটক প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ছুটে কাটাচ্ছেন। সেখান থেকেই অভিনয়, বর্তমান ব্যস্ততাসহ বিভিন্ন বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কথা বলেছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ঈদের আগে কাজ নিয়ে দম ফেলারও ফুরসত ছিল না। তাই অভিনয়কে কিছুদিন ছুটি দিতে ক্যাঙ্গারুর দেশে এসেছি। সারাদিন এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি। সময়টা দারুণ কাটছে। আরও কয়েকদিন এভাবে ঘুরে বেড়াব।
কেয়া পায়েল বলেন, ঈদে নাটক নিয়ে দর্শকের প্রত্যাশা সবসময় বেশি থাকে। উৎসবের নাটকগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তাঁদের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। গেল ঈদে প্রায় বিশটি নাটকে অভিনয় করেছি। এগুলোর মধ্যে ‘একজন মধ্যবিত্ত বলছি’, ‘আপনজন’, ‘বাবা তোমার জন্য’সহ কয়েকটি নাটকে বেশি দর্শক প্রশংসা পাচ্ছি।
সিনেমায় অভিনয় নিয়ে নিজের ভাবনাও জানান এ অভিনেত্রী। বলেন, বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন সব অভিনয়শিল্পীরই থাকে। আমি সে রকমই স্বপ্ন দেখি। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় অভিনয় করতে চাই। নাটকের কাজেই বেশি ব্যস্ত। যেজন্য সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা নেই।
কেয়া বলেন, একেবারে হুট করেই মিডিয়ায় আসা। ক্যারিয়ারের প্রথম বছরেই প্রায় তারকা অভিনেতার বিপরীতে অভিনয়ের সুযোগ হয়েছে। নিয়মিত শুটিং করব, অভিনয় দিয়ে এত পরিচিতি পাব- এটা কখনও ভাবিনি। দর্শকরা আমার কাজ পছন্দ করছেন- এটি ভেবে ভালোই লাগছে। অনেকের ভিড়ে দর্শকের কাছে আলাদাভাবে পরিচিত হয়ে ওঠায় নিজেকে এখন ভাগ্যবান মনে করি।
