ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ব্যবসায়ী-নায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। তিনি বারবার বলেছেন, এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি। যদিও তার এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সিনেমাকে আন্তর্জাতিক মানের বলে দাবি করেন তিনি। এছাড়া এই ছবির মতো ‘আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বাংলাদেশে আগে নির্মিত হয়নি বলেও মন্তব্য করেন।
এদিকে তার এমন কথায় বিরক্ত বলে জানিয়েছেন অভিনেত্রী অঞ্জনা। শুধু অঞ্জনা নয় অনন্ত জলিল ও বর্ষার সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অনেকেই মুখ খুলছেন। করছেন সমালোচনা।
বিষয়গুলো নিয়ে কি ভাবছেন অনন্ত? এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
অনন্ত বলেন,’এসব নিয়ে মানুষ কথা বলবেই। আমি আমার কাজটা শুধু করে যেতে চাই। আমি বিতর্ক সবসময় এড়িয়ে চলি। যারা আমাদের সমালোচনা করছেন তারা আসলে আমাদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এমনটি করছেন।’
তিনি বলেন, ‘আমরা তো সমালোচনা করার মতো কিছুই করিনি। আমি আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছি এটা বলা কি আমার অন্যায়? আমি আমার ছবির মুক্তির পর হলে হলে যাচ্ছি, দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখছি এটা কি অন্যায়? তাহলে কেনো তারা সমালোচনা করছেন।’
এই অভিনেতা বলেন, ‘আমাদের সবার উচিত ভালা কিছু হলে সেটাকে এপ্রিশিয়েট করা। তাহলে আগামীতে আরও ভালো কিছু হওয়ার প্রত্যাশা তৈরি হবে।’
যারা সমালোচনা করছেন তাদেরও হলে গিয়ে ‘দিন দ্য ডে’ দেখার আমন্ত্রণ জানালেন অনন্ত। বললেন ছবিটি দেখার পর সমালোচনা করুন। হলে গিয়ে দেখুন কতটা ভালো করার চেষ্টা ছিলো ছবিটিতে। আর আমরা কতটা ভালো করেছি। বাংলাদেশের ছবি কোথায় নিয়ে গেছি আমরা!
উল্লেখ্য, ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।
