আমাদের এনার্জি লেভেল অনেক হাই, প্রেশার বাড়ার চান্সই নেই: বর্ষা

ঈদুল আজহা উপলক্ষে (১০ জুলাই) মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। যাতে অনন্তের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত।

সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা। ‘দিন দ্যা ডে’ সিনেমাকে দর্শকের কাছে পৌঁছে দিতে ইতোমধ্যে অনন্ত-বর্ষা রাজধানী ঢাকার বাইরে বগুড়াও গেছেন।

প্রতিদিন নানা হল পরিদর্শনে যাওয়া, দর্শকের সঙ্গে সিনেমা দেখা, দর্শকের আবদারে ছবি তোলা ও কথা বলায় কিছুটা হলেও ক্লান্তি চলে আসে। কিন্তু বর্ষার কাছে কোনো ক্লান্তি কিংবা প্রেশারই মনে হয় না এসব।

বর্ষা বলেন, আমাদের এনার্জি লেভেল অনেক হাই। কারণ আমরা প্রতিদিন এক ঘণ্টা ওয়ার্ক আউট করি। তো এখানে কোনো চান্সই নেই আমাদের প্রেশার বেড়ে যাওয়ার।

অভিনেত্রী বলেন, যেটা লক্ষ্য করছি তা না বললেই নয়। ঢাকার বাইরের যে সিনেমা হলগুলো, সেখানে কিছু কিছু হলে দর্শক কেন আসতে চাচ্ছে না। তার একটাই কারণ, অনেক গরম। এত গরমের কারণে সিনেমাটা তারা দেখতে পারছে না। এমনো সিনেমা হল রয়েছে, যেখানে কোনো ফ্যানও নেই। এই পরিবেশে সিনেমা কিভাবে দেখবে?

তিনি আরও বলেন, তবুও ভালো লাগছে এই কারণে যে, অন্তত মানুষ হলে আসা শুরু করেছে। আবার তারা বাংলা সিনেমা নিয়ে লেখালেখি শুরু করেছে, বলতে শিখেছে। এটাই বড় পাওয়া।

বর্ষা বলেন, এই ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের আগেও অনেক ইন্টারভিউয়ে বলেছি, বাংলা চলচ্চিত্রের উন্নয়ন হোক। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে সব সিনেমা দেখবেন।

উল্লেখ্য, ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *