সিনেমা নিয়ে এখন অর্চিতা স্পর্শিয়ার সব ব্যস্ততা। বড় পর্দার পাশাপাশি ওয়েব ও স্বল্পদৈর্ঘ্য সিনেমাতেও কাজ করছেন তিনি। এরমধ্যে নিজের চরিত্রেও ভিন্নতা আনছেন নিয়মিত।
সম্প্রতি সেন্সর পেয়েছে তার ‘ফিরে দেখা’ সিনেমাটি। অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রবিউল ইসলাম রুবেল।
প্রশ্ন: ঈদ কেমন কেটেছে?
স্পর্শিয়া: কোরবানির ঈদ নিয়ে আমার কোনো প্ল্যান থাকে না সাধারণত। ঈদুল আজহাকে উৎসব নয়, ত্যাগ হিসেবে দেখি। ঈদের সময় ঢাকার ফাঁকা রাস্তায় ঘুরে বেড়িয়েছে।
প্রশ্ন: দীর্ঘদিন পর নাটকে অভিনয় করেছেন…
স্পর্শিয়া: ২০১১-১৭ সাল পর্যন্ত টিভি নাটকে কাজ করি। এরপর অভিমান থেকে টিভি নাটক ছেড়েছিলাম। এ বছর দুই ঈদেই নাটকে কাজ করেছি। অভিজ্ঞতা ভালো ছিল। এই ঈদে দুটি নাটক, দুটি শর্টফিল্ম এবং একটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। প্রতিটি কাজের জন্যই দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।
প্রশ্ন: বর্তমান নাটকের গল্প কতটা সাহিত্যধর্মী?
স্পর্শিয়া: নাটক শুধু সাহিত্যের অংশ নয়, আরও অনেক কিছুর অংশ। কতটুকু সাহিত্য অনুযায়ী রচনা করা হয় সেটা আসলে আমার পক্ষে বলা কঠিন। কারণ আমি অতটা জ্ঞানী মানুষ নই। এটা নিয়ে খুব বেশি ধারণাও নেই। কিন্তু যতটুকু বুঝি, আমাদের দেশে নাটকের যে স্ক্রিপ্ট করা হয়, আমরা যেভাবে কাজ করি! এই পুরো সিস্টেম ইমপ্রুভ করা উচিত।
প্রশ্ন: নাটকের গল্প সঙ্কট নিয়ে কী বলবেন?
স্পর্শিয়া: নাটক থেকে অনেকদিন দূরে আছি। এ মুহূর্তে নাটক সম্পর্কে খুব বেশি একটা তথ্য আমার কাছে নেই। এ ছাড়া বর্তমান সময়ের নাটক সম্পর্কে খুব একটা ভালো উত্তর দিতে পারছি না।
প্রশ্ন: শিল্পীদের মধ্যে বিভাজনের কারণ কী?
স্পর্শিয়া: শিল্পী বিভাজন নিয়ে কিছু মনে করি না। আমার এনার্জি ও সময় খুব বুঝে খরচ করি। যেটা নিয়ে ভেবে আমার কোনো উপকার হবে না, সেটা নিয়ে কথা না বলাই ভালো। যে যার মতো কাজ করে যাক, এগিয়ে যাক। আমাদের ভালো ভালো কাজ উপহার দিক এটাই চাই।
প্রশ্ন: অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন?
স্পর্শিয়া: ভালোবাসা থেকেই অভিনয় করা। অভিনয়ের সঙ্গে প্রেম করতে ভালো লাগে। যখন কোনো স্ক্রিপ্ট হাতে আসে পছন্দ হয়ে গেলে সেই গল্পের মধ্যে প্রেমটা খুঁজি আমি। আমার নিজের ভালো লাগার জন্য কাজটি করার সিদ্ধান্ত নিয়ে থাকি। এ ছাড়া কিছু কাজ ব্রেড অ্যান্ড বাটারের জন্য করতে হয়।
প্রশ্ন: সিনেমা, নাটক, ওটিটি- কোন প্লাটফর্মে কাজ করতে পছন্দ করেন?
স্পর্শিয়া: প্রোডাকশন, সেট, নির্মাতা, সহশিল্পী সব মিলিয়ে ভালো টিমের সঙ্গে কাজ করতে ভালো লাগে। সেটা যেকোনো প্লাটফর্মেই হোক না কেন।
প্রশ্ন: সিনেমা নিয়ে কী স্বপ্ন দেখেন?
স্পর্শিয়া: সিনেমার আলাদা একটা মজা আছে। যে কারণে সবকিছু ছেড়ে ২০১৭ সাল থেকে সিনেমার পেছনেই আছি। প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, কাজের মান বাড়ানোর চেষ্টা করছি। স্বপ্ন শুধু সিনেমা নিয়ে নয়, স্বপ্ন আসলে অভিনয় নিয়ে। সিনেমা আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় একটা জায়গা, দর্শককে আমার অভিনয় দেখানোর জন্য।
