এবারের ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। যার একটি রোশান-পূজা চেরীর ‘সাইকো’। অন্য দুটি হলো-অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’ ও মিম-রাজ-ইয়াশের ‘পরাণ’।
আপাতত নিজের সিনেমা ‘সাইকো’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজা। সিনেমাটির প্রচারণায় নায়ক রোশান এবং পরিচালক অনন্য মামুনের সঙ্গে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে যাচ্ছেন তিনি। সাড়াও পাচ্ছেন ভালো।
তবে শুধু নিজের সিনেমা নয় ঈদে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘পরাণ’ দেখছে চান এই পূজা। বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ দেখার জন্য নিজের ‘পরাণ’ও কাঁদছে বলে জানালেন এই নায়িকা।
মঙ্গলবার (১৯ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, “আমি ‘পরাণ’ দেখতে চাই”। এরপরই তার ‘কান্নার’ ইমোজি। পূজার এই পোস্টে ‘পরাণ’-এর নায়িকা মন্তব্য করে পর্শ্বু (বৃহস্পতিবার) একসঙ্গে সিনেমা দেখার প্রস্তাব করেছেন। মিম মন্তব্য করেছেন, “পরশু চলো একসাথে দেখবো।” আর তাতে সম্মতি জানিয়েছেন পূজা।
বিষয়টি নিয়ে পূজা বলেন, ‘ইচ্ছে আছে সবার সঙ্গে ছবিটি দেখার। সিনেমাটির প্রশংসা খুব শুনছি। ইতোমধ্যে মিম আপু আমন্ত্রণও জানিয়েছেন। পরশু (২১ জুলাই) হয়তো দেখবো।’
ত্রিভুজ প্রেমের গল্পের ‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, নাসির উদ্দিন খান প্রমুখ।।
