ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়েও খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। বিভিন্ন সময় মানুষকে খাওয়ানোর জন্যও বাহবা পেয়েছিলেন এই নায়িকা। পরীমণি এবার প্রশংসা কুড়ালেন রান্নার। আর তার এই প্রশংসা করেছেন স্বয়ং তার স্বামী অভিনেতা শরিফুল রাজ।
এবার ঈদে এই নায়িকার কোনো সিনেমা মুক্তি না পেলেও শরিফুল রাজের ‘পরাণ’ সিনেমা মুক্তি পেয়েছে এবং প্রশংসিত হয়েছে। সিনেমার প্রচারণায় বিভিন্ন জেলায় যাচ্ছেন রাজ। এরই ধারাবাহিকতায় রাজ সম্প্রতি ঢাকার অদূরে গাজীপুর গিয়েছিলেন। সেখানেই সংবাদমাধ্যমের কাছে পরীমণিকে প্রশংসায় ভাসান স্বামী রাজ।
তিনি বলেন, মানুষ হিসেবে পরীমনি চমৎকার! বাসায় সে একজন গৃহিণী। বাংলার ঘরে ঘরে গৃহিণীদের যে চিরায়ত বৈশিষ্ট্য সব ওর মধ্যে রয়েছে। ও যেমন ভালো অভিনেত্রী, ভালো স্ত্রী তেমনি একজন ভালো মনের মানুষ।
রাজ বলেন, পরী সারাক্ষণ বাসায় রান্না করে। এখন বেবি ক্যারি করায় রেস্টে আছে। তারপরও শরীর ভালো লাগলে বা মনে চাইলে সে আমাদের নিষেধ অমান্য করেও রান্না ঘরে যায়। বিভিন্ন আইটেম নিজেই রান্না করে বাসার সবাইকে খাওয়ায়। বাংলা খাবার ভালো রান্না করে সে। এ ছাড়াও ভেজিটেবল আইটেম, মাছ, মাটন ভালো রান্না করে। তবে স্পেশাল হলো পরীর হাতের বিফ- অসাধারণ!
এর আগে গত ৯ মার্চ সন্ধ্যায় এক অনুষ্ঠানে পরীমণির রান্নার প্রশংসা করেন শাশুড়ি জাহানারা বেগম। তিনি জানান, পরীমণি তাকে রান্না করে খাওয়ান এবং এই অভিনেত্রীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ তার অনেক প্রিয়।
পরীমণির শাশুড়ি জাহানারা বেগম বলেন, ‘আমার পুত্রবধূ (পরীমণি) আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, অনেক মায়া-মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এক কথায় সে অনেক ভালো। আমিও তার অনেক খেয়াল রাখি’।
