৭৪ শিল্পীকে আমন্ত্রণের পর এবার সকল শিক্ষার্থীদের ‘দিন দ্য ডে’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন আলোচিত প্রযোজক-নায়ক অনন্ত জলিল।
সোমবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে তিনি এ আমন্ত্রণ জানান।
তিনি বলেন, আসসালামুয়ালাইকুম স্টুডেন্ট ভাই ও বোনেরা। আশা করি তোমরা সবাই ভাল আছ। গ্রামে ঈদ কাটাতে গিয়ে যারা যারা ঢাকাতে চলে আসছো, আর যারা ঢাকা থেকে যাওনি সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমরা যমুনা ব্লকবাস্টারে যাব সিনেমা দেখতে। এই ভিডিওটি দেয়ার কারণ হচ্ছে স্টুডেন্টসদের সাথে দেখা করতে চাই।
অনন্ত জলিল আরও বলেন, যাদের আসা সম্ভব, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, যাদের আসতে সমস্যা হবে না তারা সবাই যমুনাতে ৭টার সময় আসলে দেখা হবে সবার সাথে। এবং কথা হবে আমাদের ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আমি অনেক খুশি হব সবাই আসলে। সন্ধ্যা ৭টার সময়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।
জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা ৭টায় যমুনা ব্লকব্লাস্টারে সিনেমাটি দেখতে যাবেন চিত্রনায়ক আলমগীর, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, ববিতা, রোজিনা, সুচরিতা, চম্পা, রুবেল, ফেরদৌস, রিয়াজসহ একঝাঁক তারকা। এতে আরও থাকবেন নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, নিরব।
এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি সিনেমার মধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন : দ্য ডে’। এ ছাড়া কম প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও আলোচনায় আছে অনন্য মামুনের ‘সাইকো’ এবং রায়হান রাফির ‘পরাণ’।
উল্লেখ্য, ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন : দ্য ডে’। শত কোটি টাকা বাজেটের এই সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরস্কে। এতে বাংলাদেশ ছাড়াও লেবানন, ইরান এবং তুরষ্কের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজ করেছেন। সিনেমায় অনন্তের নায়িকা বর্ষা।
এতে আরও অভিনয় করেছেন অনন্তের বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
