বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুল। প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে গেছে। চলতি বছরে টুটুল বিয়ে করেছেন শারমিন সিরাজ সোনিয়া নামে এক আমেরিকা প্রবাসীকে। তাকে নিয়েই স্বপ্নের জাল বুনেছেন।
এস আই টুটুল বর্তমানে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দেশের গণমাধ্যমকে গায়ক জানিয়েছেন, তার এবং তানিয়ার ডিভোর্স হয়েছে গত বছর। তার আগে দীর্ঘ পাঁচ বছর তারা সেপারেট ছিলেন। এরপর গত বছর তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়।
টুটুল জানান, এর পরই তার জীবনে এন্ট্রি নেন সোনিয়া। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে টুটুল বলেন, কনসার্টসহ নানা কাজে তার নিউইয়র্কে যাতায়াত ছিল। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ অনুষ্ঠান থেকে সোনিয়ার সঙ্গে পরিচয়। গায়ক বলেন, ‘দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’
এস আই টুটুলের দ্বিতীয় স্ত্রী সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে।
শারমিন সিরাজ সোনিয়াও গণমাধ্যমটির সঙ্গে কথা বলেছেন। টুটুলকে বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটি শোয়ে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সঙ্গে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া। মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে। খুব শিগগির আমেরিকায় বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না। কিন্তু সেই সুখের সংসার আর টিকলো না।
