ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’। তিনি বলে আসছেন, এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি। ১০ জুলাই ১১৫টি হলে মুক্তি পেয়েছে ‘দিন দ্য ডে’ সিনেমাটি।
বর্তমানে এ সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে দেশের নানান প্রান্তে যাচ্ছেন অনন্ত-বর্ষা। এছাড়া প্রচারণা চালানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিলের কাছে প্রশ্ন রাখা হয়, স্ত্রী ও নায়িকা হিসেবে আফিয়া নুসরাত বর্ষা কেমন? উত্তরে বর্ষাকে প্রশংসায় ভাসিয়েছেন এ নায়ক-প্রযোজক।
অনন্ত জলিলের ভাষ্যে, ‘ও নায়িকা হিসেবে অনেক ভালো। স্ত্রী হিসেবেও অনেক ভালো। কারণ, ওর ভেতরে দুইটাই আছে। বলার জন্য বলা না, স্ত্রী হিসেবে ও খুবই সংসারী। নায়িকা হিসেবে সবটুকু দেওয়ার চেষ্টা করে এবং ওকে ভালোও লাগে স্ক্রিনে।’
অনন্ত জলিল যুক্ত করেন, ‘আপনারা সবাই জানেন, ও দেখতে অনেক সুন্দর, ওর অভিনয়ও ভালো, ন্যাচারাল অভিনয় করে। সবকিছু মিলে আমি বলব অনেক ভালো।’
‘দিন-দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি।
