কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। অন্যান্য বারের মতো এবার দর্শক বেশ হল মুখী হয়েছেন। তবে সিনেমার প্রচারে একে অন্যকে হেয় করার প্রতিযোগিতায় মেতে উঠেছেন সিনেমা সংশ্লিষ্টরা। সম্প্রতি সিনেমার প্রচারে গিয়ে ‘দিন: দ্য ডে’ সিনেমার নায়িকা অনন্ত জলিলের স্ত্রী বর্ষা ঢাকাই সিনেমার নায়িকাদের নিয়ে প্রশ্ন তোলেন।
সবসময় তিনি কেন অনন্ত জলিলের নায়িকা এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।
তার এমন বক্তব্য সমালোচনার জন্ম দেয়। মিউজিক ভিডিওর মডেল থেকে নায়িকা খ্যাতি পাওয়া বর্ষা নিজে একজন নায়িকা হয়ে সহকর্মীদের নিয়ে এমন মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। যদিও বর্ষা তার মন্তব্যে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একাংশ দাবি করছেন, স্পন্সর নিয়ে বিয়ের শাড়ি কেনার কথা বলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে ইঙ্গিত করেছেন বর্ষা।
এবার এ প্রসঙ্গে মুখ খুললেন ‘পরাণ’ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, প্রথমেই বলে রাখি আমার বিয়ের ড্রেস আমার নিজের টাকায় কেনা। আমি মনে করি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের নিয়ে কিছু বলতে গেলে ভেবে চিন্তে বলতে হয়।
তিনি আরও বলেন, সকল কো-আর্টিস্টকে সম্মান দিয়ে কথা বলা শিখতে হয়। এটাই আসল বিষয়। সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। আমি আপনার বদনাম করলাম, আপনি আরেক জনের বদনাম করলেন। এটা তো ঠিক না। আমি আমার পরিবার থেকে এসব শিক্ষা পাইনি।
চলতি বছরের ৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিদ্যা সিনহা মিম। বিয়েতে ভারতের খ্যাতনামা পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লাল লেহেঙ্গায় বউ সেজেছিলেন তিনি। তার সেই লেহেঙ্গাজুড়ে পাথর ও জরির এমব্রয়ডারির ভারী কাজ করা। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না ও সাজ বেছে নিয়েছিলেন এ নায়িকা।
প্রসঙ্গত, ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করছে মিমের ‘পরাণ’। সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় মিমের সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। বর্তমানে ১৪ হলে প্রদর্শিত হওয়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ৫০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
