Home আলোচিত শাকিব খানকে প্রশংসায় ভাসালেন আহমেদ শরীফ

শাকিব খানকে প্রশংসায় ভাসালেন আহমেদ শরীফ

0
201

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে সর্বশেষ দেখা গেছে ‘গলুই’ সিনেমায়। যেটি মুক্তি পায় গত রোজার ঈদে। দর্শকের তুমুল আগ্রহ থাকলেও কোরবানির ঈদে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। গত প্রায় দেড় যুগের ইতিহাসে এই প্রথম এমনটা ঘটল!

এদিকে দেশে মুক্তির আড়াই মাস পর এবার যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘গলুই’ সিনেমার প্রদর্শনী। এ উপলক্ষে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রিমিয়ার। যেখানে অংশ নিয়েছেন সিনেমাটির নায়ক শাকিব খান, নির্মাতা এস এ হক অলিক আরও কয়েকজন।

যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে হাজির হন ঢাকাই সিনেমার কালজয়ী অভিনেতা আহমেদ শরীফ। অনুষ্ঠানে এসে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। ভূয়সী প্রশংসায় ভাসান স্নেহের শাকিবকে।

আহমেদ শরীফ বলেন, ‘অনেক ধন্যবাদ অলিককে, অনেক ধন্যবাদ এই টিমকে। আর আমার অন্তরের অন্তঃস্থলে যে বসবাস করে, যে আমার ভালোবাসা, শাকিব; আমার ভাইটা এত ভালো অভিনয় করেছে, যেখানে যেটা দরকার, সেখানে তার কাছ থেকে আমি সেইটুকু পেয়েছি। আমার বুকটা ভরে গেছে।’

শাকিব খানের প্রশংসা করে আহমেদ শরীফ আরও বলেন, “এই শাকিব ছাড়া বাংলাদেশের সিনেমা চলেনি, চলবে না। কোনোদিনই না। আবারও প্রমাণ হয়েছে ‘গলুই’ দিয়ে যে, শাকিবই বাংলাদেশের প্রাণ; বাংলাদেশের দর্শকদের হৃদয়।”

শাকিব ২০ বছর বাংলা চলচ্চিত্র ধরে রেখেছেন বলেও মন্তব্য করেন আহমেদ শরীফ।

‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরী। আগামী ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here