‘দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে বগুড়ায় গিয়ে এক ভক্তের চিকিৎসায় দুই লাখ টাকা দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।
বৃহস্পতিবার (১৪) হেলিকপ্টারে বগুড়ার কাহালু উপজেলার কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে অবতরণ করেন অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তাদের দেখতে ভিড় করেন স্থানীয়রা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন উপজেলার নিমারপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে সোহেল রানা (২৫)।
এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর তার সঙ্গে দুপুরের খাওয়া শেষে বিকালে বগুড়া শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে সিনেমা দেখেন অনন্ত-বর্ষা। রানাকে মঞ্চে নিয়ে হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানান।
এদিন অনন্ত জলিল গণমাধ্যমকর্মীদের বলেন, আমি রানাকে (ভক্ত) কথা দিয়ে এসেছি। ইনশাআল্লাহ, ওর পাসপোর্ট করে থাইল্যান্ডে নিয়ে যাব চিকিৎসার জন্য। দেখি ওর পা কতটুকু ঠিক করা যায়। বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমি যথেষ্ট চেষ্টা করব।
এই নায়ক ভক্তকে নগদ দুই লাখ টাকা তুলে দিয়ে বলেন, এই টাকাটা রানাকে দিলাম। ওর চিকিৎসা করার জন্য। আর ওর চিকিৎসার জন্য ইনশাআল্লাহ থাইল্যান্ডে নিয়ে যাব।
এ সময় ভক্ত রানা বলেন, আমার অনেক ভালো লাগছে। খুবই আনন্দে আছি। আজ নিজেকে প্রতিবন্ধী মনেই হচ্ছে না। কেননা, সবচেয়ে দামি জিনিস আমার সঙ্গে আছে।
এর আগে বুধবার (১৩ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক ভিডিও বার্তায় অনন্ত জলিল জানান, তার একজন ভক্ত, যে কিনা ‘প্রতিবন্ধী রানা’ হিসেবে পরিচিত। তিনি অনন্ত জলিলের প্রথম সিনেমা ‘খোঁজ দ্যা সার্চ’ দেখার পর থেকে নায়কের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করেছেন। এমনকি নিজ এলাকায় নিজ অর্থায়নে প্রিয় তারকার নামে বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজও করে আসছেন। সেই ভক্ততে অভিনেতা কথা দিয়েছিলেন, দিন দ্যা ডে সিনেমা মুক্তির পর ভক্ত রানার বাড়ি যাবেন। আর সেই কথা অনুযায়ী বৃহস্পতিবার তার বাড়ি যান তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।
