ঈদুল আজহা উপলক্ষে দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। সিনেমায় অনন্তর নায়িকা হিসেবে আছেন যথারীতি তার সহধর্মিণী বর্ষা।
এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই নায়ক। বিষয়টি নিয়ে বির্তক, সমালোচনা চলছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে।
এরই মধ্যে চাউর হয় – ব্যবসায়ী অনন্ত জলিল তার অধীনস্ত গার্মেন্টসকর্মীদের ভাড়া করে এনে সিনেমাটি দেখাচ্ছেন। যে কারণে প্রেক্ষাগৃহে হাউজফুল অবস্থা সিনেমার।
এ মন্তব্য শুনে প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ চিত্রনায়িকা বর্ষা। খুব কষ্ট পেয়েছেন জানিয়ে এ নায়িকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেন এবং এক পর্যায়ে আর সিনেমা করতে নাও পারেন বলে ক্ষোভ ঝাড়েন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে বর্ষা উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।’
এই নায়িকা বলেন, ‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’
কান্নাজড়িত কণ্ঠে বর্ষা আরও যোগ করেন, ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।’
উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও অনন্ত জলিল। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে অনন্তর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও আছেন ইরান, লেবানন ও বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।
