শ্রীলঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন শ্রীলঙ্কার চলমান অস্থিরতা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য দিয়েছে।
এদিকে রাজধানীর ফ্লাওয়ার রোডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, আজকে রাজধানীর চারপাশে বিক্ষোভকারীরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে আসছে। এ সময় তারা বিভিন্ন গোতাবায়া সরকারবিরোধী বিভিন্ন স্লোগান এবং বক্তব্য দিচ্ছে।
এর আগে, গত ৯ জুলাই অর্থনৈতিক মন্দা ও আন্দোলনের মুখে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করতে চান বলে জানিয়েছে তার দপ্তর। প্রধানমন্ত্রীর মিডিয়া বিভাগ জানিয়েছে, পার্লামেন্টে সর্বদলীয় সরকার গঠন হওয়ার পরই পদত্যাগ করবেন তিনি।
এর আগে বুধবার সকালে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে মালদ্বীপে যান। বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আগে দেশ ছাড়েন তিনি।
প্রেসিডেন্ট রাজাপাকসে, তার স্ত্রী, নিরাপত্তারক্ষীসহ চারজন একটি সামরিক উড়োজাহাজে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বুধবার ভোরে।
মালে বিমানবন্দর পুলিশ জানিয়েছে, মালদ্বীপ বিমানবন্দরে অবতরণের পর কড়া পুলিশি পাহারায় তাদের গোপন স্থানে নিয়ে যাওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকালে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু দেশটির ইমিগ্রেশন অফিসারদের বাধায় তিনি যেতে পারেননি। আকাশপথে ব্যর্থ হয়ে তিনি নৌবাহিনীর জাহাজে শ্রীলঙ্কা ছাড়ার চেষ্টাও করেন।
৭৪ বছর বয়সী গোতাবায়া রাজপাকসে স্ত্রীসহ দেশটির কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন।
তিনি সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই মঙ্গলবার সকালে তিনি বিমানবন্দরে আসেন।
গোতাবায়া বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ভিআইপি স্যুটে অপেক্ষা করছিলেন। নিরাপত্তার জন্যই তাকে সেখানে রাখা হয়। এরপর তার পাসপোর্ট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারদের ভিআইপি স্যুটে যেতে বলা হয়। তারা গোতাবায়ার পাসপোর্টে সিল মারতে অস্বীকার করেন।
গোতাবায়া পরিবার নিয়ে সম্ভবত দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য গোতাবায়া ভিসার আবেদন করেছিলেন। তবে তার সে আবেদন নাকচ করেছে যুক্তরাষ্ট্র।
‘দ্য হিন্দু’ পত্রিকার এক শীর্ষ কর্র্মকর্তার বরাত দিয়ে শ্রীলঙ্কাভিত্তিক ডেইলি মিররের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
