কিছুদিন আগে প্রকাশ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’। প্রকাশের আগেই আলোচনার পাশাপাশি সমালোচনার টেবিল দখল করে নিয়েছিল বইটি।
এ নিয়ে অবশ্য তার কোনো মাথাব্যাথা নেই। তিনি ভাবছেন অন্য কথা। তার মতে, বইটি বায়োপিক নির্মাণের জন্য খুবই উপযুক্ত। পর্দায় ‘আসিফ’ হিসেবে তার পছন্দ আরিফিন শুভকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বইটি নিয়ে স্বভাবসুলভভাবে নিজের মন্তব্য প্রকাশ করেছেন আসিফ। সেখানে একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, নিজের জীবনী নিয়ে সিনেমা হোক এটা কী চান?
উত্তরে আসিফ বলেন, ‘এটা আসলে বায়োপিক হওয়ার মতো একটি বই। সোহেল অটল (বইটির লেখক) ঘটনাগুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমি ভাবতেই পারিনি, সে এভাবে লিখতে পারে। আমার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যা করেছি, সবগুলোর বৈচিত্র্যপূর্ণ ও বর্ণিল বিবৃতি এই বইতে আছে; যা একটি সিনেমা হওয়ার যোগ্যতা রাখে।
এ সময় নিজের চরিত্রে আরিফিন শুভকে পছন্দ উল্লেখ করে এই গায়ক আরও বলেন, ‘যদি কখনও বায়োপিক নির্মাণ হয়, তবে হিরো হিসেবে আমি আরিফিন শুভকে দেখতে চাই। আর পরিচালকের ক্ষেত্রে অবশ্যই সৈকত নাসিরকে পছন্দ করব।
তবে নায়িকার ব্যাপারে নিজের কোনো পছন্দ নেই আসিফের। তার মতে, বেশ কয়েকজন নায়িকা আসবে এখানে। অতএব, একটা হলেই হলো, সমস্যা নেই।
