ঈদুল আজহা উপলক্ষে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘সাপলুডু’ সিনেমার। গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম।
মঙ্গলবার (০৫ জুলাই) মিম নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে এই সুখবরটি জানান।
তিনি লেখেন, ঈদটা আরও বিনোদন করাতে ঈদের দিন দুপুর ২.১০ মিনিটে আরটিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে অ্যাকশান, থ্রিলার ধর্মীয় সিনেমা ‘সাপলুডু’।
২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পায় সিনেমাটি। আমেরিকা, ইউরোপসহ বিশ্বের প্রায় ১১টি দেশেও প্রদর্শিত হয় সাপলুডু। অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা, বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজারে।
ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।
প্রযোজক হিসেবে রয়েছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। নির্বাহী প্রযোজক আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
