দর্শক চাইলে ঝড় উঠবে: নোবেল

জি বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগিতা দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পান মাঈনুল আহসান নোবেল। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু মাঝে কিছু বিতর্কিত কথাবার্তা বলে সমালোচনার মুখে পড়েন এই গায়ক। সমালোচনা এতটাই জোরালো হয় যে নোবেলের ক্যারিয়ারই পড়ে যায় হুমকির মুখে!

তবে সেই সমালোচনা আর খারাপ সময়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন নোবেল। সেই ধারাবাহিকতায় এবার নতুন গানের ভিডিও নিয়ে এসেছেন তিনি। তবে সাধারণত নোবেল যে ধরনের গান করেন, তা থেকে এটি একটু অন্য রকম বলে জানালেন তিনি।

নোবেল বলেন, ‘এটি পপ ধাঁচের, একটু ড্যান্স বিটের গান। একেবারেই তরুণদের জন্য করা গানটি। তাঁরা মজা পাবেন গানটিতে।’ তিনি আরও বলেন, ‘পপ ধাঁচের হলেও গানের মধ্যে একটা স্যাড রোমান্টিকতা আছে।’

‘অপর প্রান্তে’ শিরোনামে গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন শওকাত। গতকাল মঙ্গলবার ইউটিউব চ্যানেল শওকাত–এ প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিওটি।

নানা কারণে আলোচিত–সমালোচিত নোবেল বেশ কিছুদিন ধরেই কাজ নিয়ে খবরে নেই। কারণ কী? জানতে চাইলে সারেগামাপা–খ্যাত এই শিল্পী বলেন, ‘গান তো করছি। ঝড়ের পূর্বে শান্ত থাকাই ভালো। আমার অবস্থা তাই। দর্শক চাইলে ঝড় উঠবে। আমি ওঠাতেও চাই।’

স্ত্রী ও দেশের গুণী শিল্পীদের নিয়ে মাঝে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েন নোবেল। এখন আর সমালোচনা চান না। হাসতে হাসতে নোবেল বলেন, ‘না ভাই, না। এগুলো যা হয়েছে, তা শেষ হয়ে গেছে। আর নয়। এখন গান ছাড়া কোনো কিছু দিয়ে আর ঝড় তুলতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *