মহাসড়কে রাত্রিকালীন দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে বরিশালের গৌরনদী ও উজিরপুর থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) রাত ৮টায় মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান। তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
রেঞ্জ পুলিশ কার্যালয়ের একটি সূত্র জানায়, ৩ জুলাই ওই ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দেওয়া হলেও বিষয়টি আজ জানাজানি হয়।
রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রেরিত পুলিশ সুপার কার্যালয়ের একটি স্মারকের বরাতে জানা গেছে, সাময়িক বরখাস্তের নির্দেশপ্রাপ্ত হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই গৌরনদী মডেল থানার। এরা হলেন গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. আ. গাফফার হোসেন, উপ-পরিদর্শক ছগির মিয়া, সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন, কনস্টেবল মো. ইকবাল, মো. কামাল, মুরছালিন, নয়ন, অমৃত, মেহেদী ও ড্রাইভার (কনস্টেবল) আ. হক রানা। বাকি ৪ জন হলেন উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, মো. সোহেল রানা ও ইমরান হোসেন।
জানা গেছে, গত ২ জুন রাত ৩টা ২০ মিনিটে বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ডের মধ্যে থাকা গ্যারেজ থেকে ইয়ামাহা এফজেড ভার্সন-২ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়।
পরবর্তীতে বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ডসহ ঢাকা-বরিশাল হাইওয়েতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলে, তাতে দেখা যায় অজ্ঞাতনামা এক চোর খালি পায়ে, চাবিবিহীন অবস্থায় মোটরসাইকেলটি নিয়ে যায়। চোর মোটরসাইকেল নিয়ে ঢাকা-বরিশাল হাইওয়ে হয়ে প্রথমে বরিশাল জেলার উজিরপুর ও গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোস্ট হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার দিকে চলে যায়।
আর গৌরনদী ও উজিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের সেই রাতে মোবাইল ডিউটি থাকা সত্বেও সঠিকভাবে পালন করেনি বলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতীয়মান হয়।
বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান মোবাইল ফোনে জানান, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে চোরসহ মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হতো। তা না হওয়ায় নির্বিঘ্নে চোর সব স্থান অতিক্রম করতে সক্ষম হয়েছে। এ কারণে তাঁদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিআইজি বলেন, এখন থেকে প্রতি দুই ঘণ্টা অন্তর কত গাড়ি মহাসড়কে চলাচল করছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি জানা নেই। তবে আজ পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন করে ওই ১০ জনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী তাদের পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন বলেন, পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে থানা থেকে চার জনকে পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। এর বেশি কিছুই জানেন না বলে জানান তিনি।
