এরইমধ্যে বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। গত ঈদে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেই বেশ প্রশংসিত হয়েছেন এই নায়িকা। সেই ধারাবাহিকতায় আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তারা। পাশাপাশি আসছে ঈদেও নতুন ছবির মুক্তির খবরে আছেন তিনি।
এ ব্যাপারে পূজা বলেছেন, ‘সাইকো’ সিনেমায় অভিনয় করেছিলাম করোনার সময়ে। পরিচালক অনন্য মামুন দারুণভাবে এটি নির্মাণ করেছেন। সিনেমার গল্প ও নির্মাণে নতুনত্ব পাবেন দর্শক।
বর্তমানে ছুটি কাটাচ্ছেন পূজা। ঈদ সামনে থাকায় সিনেমার শুটিং এই মুহূর্তে নেই। ফলে পরিবার ও পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে এক শীর্ষ নায়কের সঙ্গে পূজাকে নিয়ে প্রেমের গুঞ্জন চাউর হয়। বিষয়টি নিয়ে তিনি বলেছেন, আমি নিজেও এ কথাটি শুনছি। কারও সঙ্গে প্রেমের সম্পর্ক নেই আমার। যদি করি তাহলে সবাইকে জানিয়েই করব। তবে অহেতুক গুঞ্জন রটিয়ে কেউ কেউ শুধুই বিভ্রান্তি তৈরি করছেন।
বর্তমানে হাতে থাকা কাজ নিয়ে পূজা বলেন, ‘হৃদিতা’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া ‘মাসুদ রানা’ নামের বহুল আলোচিত যে সিনেমায় অভিনয় করছিলাম, সেটির বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। বিদেশের পার্টের শুটিংয়ের শিডিউল পাব ঈদের পর। এ সিনেমাটিও দর্শকের কাছে সাড়া জাগাবে বলে আমি মনে করছি।
