ঢালিউড ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য নতুন প্রজন্মের নায়িকারা মুখিয়ে থাকেন। গত ঈদে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘গলুই’ সিনেমায় কাজ করেন পূজা চেরি। সিনেমায় এই জুটির কেমেস্ট্রি দর্শক পছন্দ করেছেন।
এবার ফের একসঙ্গে পর্দা শেয়ার করতে চলেছেন তারা। এই জুটির নতুন সিনেমা ‘মায়া’।
এ প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে জানান, ‘আমরা আবারও জুটি বাঁধছি, এটা চূড়ান্ত। সিনেমার গল্প অসাধারণ। এমন গল্পে এখন পর্যন্ত কাজ করিনি।’
এদিকে পরপর দুটি সিনেমায় শাকিব-পূজার জুটি বাঁধা নিয়ে ঢালি পাড়ার বাতাসে বেশ কিছু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নায়িকা জানান, ‘শাকিব ভাইয়ের সঙ্গে যে নায়িকাই কাজ করেন, তাকে নিয়েই গুঞ্জন রটে। আমি পজিটিভ মানুষ। কাজের বাইরে কিছু ভাবছি না। পর্দায় দর্শক আমাদের যেভাবে দেখেছে, তাতে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি। আসলে বাস্তবে তেমন কিছু না।’
তিনি আরও বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির নায়িকা। সবার সঙ্গেই কাজ করব।’
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘মায়া’। ফেরারি ফরহাদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
শাকিব খান বলেছেন, “‘মায়া’ আমার স্বপ্নের একটি প্রজেক্ট। বছর শেষে সিনেমাটির শুটের পরিকল্পনা আছে; এই সিনেমায় আমার নায়িকা হচ্ছে পূজা। আশ্বস্ত করতে পারি এই সিনেমা মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে। এর বেশি বিস্তারিত এখনই প্রকাশ করতে চাই না।”
এর আগের সংবাদ পড়ুন-
