বাংলাদেশ ও ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান। নিজ দেশে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছাড়াও ভারত থেকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ৩ বার। একবার পেয়েছেন আনন্দলোক পুরস্কার।
গতকাল ১ জুলাই ছিল দুই বাংলার দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসানের জন্মদিন। জন্মদিনে দেশ বিদেশ থেকে শুভেচ্ছায় ভেসেছেন তিনি। তবে ব্যস্ততার কারণে সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন নায়িকা।
শনিবার (২ জুলাই) সন্ধ্যায় এক স্ট্যাটাসে তিনি বলেন, আমার অনুরাগীরা, শুভাকাঙ্খী বৃন্দ, সকল কাছের মানুষ, সাংবাদিক বন্ধুরা আমায় যে অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাতে আমি অভিভুত। সোশ্যাল মিডিয়ায়, মেসেজে আপনাদের সকলের শুভেচ্ছা বার্তা সত্যিই আমার জন্মদিন কে আরো অনেক মহার্ঘ্য করে তুলেছে। আমি ক্ষমা প্রার্থী যে প্রত্যেককে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানানো হয়ে ওঠেনি আমার, তবে আপনাদের শুভেচ্ছা বার্তা সবই আমি দেখেছি। সকলকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য… এমন সমাদর পেয়ে আমি আপ্লুত।
