পদ্মা সেতুতে গতকাল শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এদিন সেতু দিয়ে যানবাহন পারাপার করেছে ২৬ হাজার ৩৯৮টি।
শনিবার (০২ জুলাই) দুপুর ২টায় মুঠোফোনে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গতকাল শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এ সময় সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছে। তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় ১৪ হাজার ৪৯৩টি গাড়ি সেতু দিয়ে পারাপার হয়েছে। চতুর্থ দিন ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।
জানা যায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা টাকা টোল আদায় ও ১২ হাজার ৫৯৭টি যানবাহন পারাপার হয়েছে।
অন্যদিকে মাওয়া প্রান্ত দিয়ে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা টোল ও ১৩ হাজার ৮০১টি যানবাহন পারাপার হয়েছে।
এদিকে পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গতকাল থেকে টোল আদায় শুরু হয়েছে। সড়ক ও জনপথ সূত্র জানায়, প্রথম দিনে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি।
এর মধ্য ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৬৪। টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।
