আবারো আলোচনায় এসেছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। তবে কোনো সিনেমার কারণে নয়, একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতিকে ‘ভুয়া সংগঠন’ বলে উল্লেখ করেছেন।
এ দিকে শাকিবের এমন মন্তব্য সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অমিত হাসান।
অমিত হাসান বলেন, ‘আমি আগেই মন্তব্য করবো না। কারণ ওর (শাকিব খান) কণ্ঠের ভিডিও যদি শুনতে পাই তাহলে… একজন বললো আর লিখলাম! শাকিব সম্পর্কে খারাপ কোনো মন্তব্যও করবো না। কিন্তু ও যদি সত্যি বলে থাকে তখন অনেক কথা বলার থাকবে। তখন তাকে সমিতিতে ডাকা হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমিতিকে ছোট করে কথা বললে সমিতি তাকে ডাকবে। সমিতিকে ছোট করার রাইট কোনো শিল্পীর নেই।’
অমিত হাসান চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য। শাকিব খান পরপর দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে একবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাসান।
উল্লেখ্য, শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। প্রায় সাত মাস পর সামনের সপ্তাহে দেশে ফিরবেন দেশীয় চলচ্চিত্রের এই ‘সুপারস্টার’।
এর আগে মুঠোফোনে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
এ সময় শিল্পী সমিতিকে তিনি ‘ভুয়া সংগঠন’ বলে কটাক্ষ করেন। বলেন, ‘শিল্পীরা কাজ করতে চান, তাদের কাজ করতে দিতে হবে।’
একসময় শিল্পী সমিতিতে টানা ছয় বছর সভাপতি থাকা সত্ত্বেও কেন হঠাৎ সেই সমিতিসহ সব সংগঠনের বিদায় কামনা করছেন বাংলাদেশি সুপারস্টার?
শাকিব খানের দাবি, ‘এখন আমার উপলব্ধি হয়েছে, এসব সমিতি-টমিতি করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। তিনি বলেন, ‘চলচ্চিত্র বাঁচাতে হলে সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। সব ধরনের সমিতি এফডিসির বাইরে নিতে হবে। কারণ, এফডিসি কাজের জায়গা, রাজনীতি বা নির্বাচন করার জায়গা না। কেউ যদি নির্বাচন করে, তবে এফডিসির বাইরে গিয়ে করতে হবে।’
