নিজস্ব প্রতিবেদক, নজর২৪: কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মেহেদী হাসান বিপ্লব।
এর আগে গতকাল মঙ্গলবার জেলার উলিপুর উপজেলার চর যাত্রাপুর, বেগমগঞ্জ, পোরার চর ও ঝুমকার চরে নৌকার ঘুরে ঘুরে ১৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একইভাবে আজ বুধবার সকাল থেকে সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের কোল ঘেসা বিভিন্ন গ্রামে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলায় ১০ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান। প্রথম দফায় দুইদিনে ২ হাজার অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ চলবে। বাকি ৮ হাজার অন্য উপজেলায় পর্যায়ক্রমে দেওয়া হবে।
এদিকে কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়ে বানভাসী মানুষের দুঃখ নিজ চোখে দেখে কয়েকজন শিক্ষিত বেকার ছেলেকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ এই ব্যবসায়ী। এছাড়া ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধকে ঢাকায় এনে উন্নত চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছেন।
জানা যায়, ক্যান্সার আক্রান্ত ওই বৃদ্ধের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মুচ্ছিলিপাড়া গ্রামের বাসিন্দা।
এক ভিডিওতে দেখা গেছে, নদীর ধারে মেহেদী হাসান বিপ্লবকে কাছে পেয়ে নিজের অসহায়ত্বের কথা বলছেন বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক। এসময় তিনি জানান তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। দিন দিন শুকিয়ে যাচ্ছেন।
বৃদ্ধের সব কথা মনোযোগ দিয়ে শোনার পর তাকে ঢাকায় এনে উন্নত চিকিৎসা করার আশ্বাস দেন মেহেদী হাসান। পাশাপাশি ঢাকায় আসার খরচ বাবদ তার হাতে নগদ অর্থও তুলে দেন তিনি।
এসময় শিগগিরই তাকে ঢাকার আনার ব্যবস্থা করতে তার টিমের সদস্যের ওই বৃদ্ধের বিস্তারিত পরিচয় নেওয়ার জন্য নির্দেশ দেন এই ব্যবসায়ী।
মানবতার ফেরিওয়ালা খ্যাত ব্যবসায়ী মেহেদী হাসান বিপ্লব মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে জানান, কুড়িগ্রামে ত্রাণ সহায়তা দিতে এসে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এখানে না আসলে হয়তো জানতামই না মানুষ কতটা কষ্টে জীবনযাপন করছে। এসব মানুষের মুখে একটু হাসি ফোটাতে আমি সাধ্যমতো চেষ্টা করছি। ব্যক্তিগত অর্থায়নে জেলায় ১০ হাজার ত্রাণের পাশাপাশি নগদ অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে।
পাশাপাশি ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধকে ঢাকায় এনে চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছি। খুব শিগগিরই তার উন্নত চিকিৎসা শুরু করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
