গান ছেড়ে আড়ালে যাওয়ার কারণ জানালেন হাসান

পুরো নাম সৈয়দ হাসানুর রহমান। তবে হাসান নামেই তিনি অধিক পরিচিত তার ভক্তকুলে। নব্বই দশকের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর গান এখনো মানুষের মুখে মুখে।

তিনি ১৯৯৬ সালে ব্যান্ড ‘আর্ক’ এ ভোকালিস্ট হিসাবে যোগ দেন। পরবর্তীতে ২০০২ সালে ‘আর্ক’ ছেড়ে নতুন ব্যান্ড ‘স্বাধীনতা’ গঠন করেন। ২০১০ সালের শেষের দিকে তিনি আবার আর্কে যোগ দেন।

তবে দীর্ঘদিন তিনি গান ছেড়ে আড়ালে ছিলেন। সম্প্রতি বিরতি ভেঙে ফের গানের ভুবনে ফিরেছেন এই গায়ক। এ নিয়ে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন হাসান।

প্রশ্ন: বেশ কিছুদিন ধরে স্টেজ শো নিয়ে ব্যস্ত। টিভি আয়োজনেও দেখা যাচ্ছে। গানের ভুবনে এভাবে নিয়মিত দেখা যাবে কি?

হাসান: ইচ্ছা আছে, নতুন গান প্রকাশের পাশাপাশি নিয়মিত পারফর্ম করে যাওয়া। কোনো বিরতি নেওয়ার কথাও ভাবছি না।

প্রশ্ন: শ্রোতাদের প্রত্যাশা, তারকাখ্যাতি সবকিছু থাকার পরও গানের ভুবন থেকে নিজেকে আড়াল করেছিলেন কেন?

হাসান: আমি যখন বিরতি নিই, তখন পাইরেসি মহামারি আকার ধারণ করেছে। অডিও কোম্পানিগুলো ধীরে ধীরে নিষ্ফ্ক্রিয় হয়ে পড়ছিল। অন্যদিকে রয়্যালটি নিয়ে চলছিল আন্দোলন। ব্যান্ড লাইনআপও এলোমেলো হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া সহজ ছিল না। তাই গানের ভুবন থেকে আড়ালে চলে গিয়েছিলাম।

প্রশ্ন: গানের ভুবন থেকে আড়ালে থাকার সময় কি শ্রোতাদের কথা মনে পড়েনি?

হাসান: শ্রোতাদের কথা কি ভুলে থাকা সম্ভব? সম্ভব নয় বলেই ভক্তদের জন্য আবার গানে ফেরা। গান গেয়ে যে লাখো শ্রোতার ভালোবাসা পেয়েছি, তাঁদের জন্য আগে বা পরে বিরতি ভাঙতেই হতো। ফিরে আসতে হতো বহু বছরের চেনাজানা এই গানের ভুবনে। শ্রোতার সঙ্গে শিল্পীদের সম্পর্ক যে এমনই।

প্রশ্ন: শুনলাম এর মধ্যে নদী নিয়ে একটি নতুন গান তৈরি করেছেন?

হাসান: হ্যাঁ, ‘বুড়িগঙ্গা’ নদীকে নিয়ে একটি গান রেকর্ড করেছি। এটি আর্কের সংগীতায়োজনে করা হলেও ব্যান্ডের একক বা অ্যালবামের জন্য রেকর্ড করা হয়নি। ‘নদী রক্স’ নামের একটি সংকলনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে, যার মূল ভাবনা ও পরিকল্পনায় ছিলেন চিরকুট ব্যান্ডের শিল্পী শারমিন সুলতানা সুমি। জলবায়ু ও নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতেই সুমি দেশের বিভিন্ন নদী নিয়ে গান তৈরির উদ্যোগ নিয়েছেন। সেখানে আর্ক ছাড়াও দেশের জনপ্রিয় বেশ কয়েকটি ব্যান্ড বিভিন্ন নদীকে নিয়ে নতুন সব গান তৈরি করছে।

প্রশ্ন: আপনার বা আর্কের নতুন গান কবে প্রকাশ পাবে?

হাসান: আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। হয়তো শিগগিরই নতুন কোনো গান প্রকাশের খবর জানাতে পারব। এটা আমার একক গানও হতে পারে, আবার আর্ক ব্যান্ডের নতুন আয়োজনও হতে পারে। তবে যেটাই হোক, চলতি বছরেই একটি নতুন গান প্রকাশের পরিকল্পনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *