কোরবানির ঈদ কবে, জানা যাবে কাল

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে- সেই তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন বলে ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, কাল (বৃহস্পতিবার) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ পালন করেন। এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *