প্রথমবার একসঙ্গে একই অনুষ্ঠান উপস্থাপনা করছেন নায়িকা কুসুম শিকদার ও নায়ক মামুনুন ইমন। এর আগে ‘গহীনের শব্দ, ‘লাল টিপ’ নামে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
আসছে ঈদুল আজহায় বাংলাদেশ টেলিভিশনের ‘তারার মেলা’ নামের একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনা করবেন দুজন। এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে।
অভিনয়ে দুজন পর্দা ভাগাভাগি করলেও একসঙ্গে উপস্থাপনায় এবারই প্রথম। কুসুম জানালেন, প্রায় চার বছর হলো মিডিয়াতে ওভাবে কাজ করা হয়নি। বলেন, ‘ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি করার প্রস্তাব আসে বাংলাদেশ টেলিভিশন থেকে। আমার সঙ্গে ইমনের কথা বলা হয়। দেখলাম, আমরা দুজন তো একসঙ্গে সিনেমা করেছি। ফলে এ কাজটি মজা করে করা যাবে।’
তিনি বলেন, ‘ইমনের সঙ্গে দেখাও হয় না অনেক দিন। এই কাজটি করতে এসে দেখা হলো। বন্ধুত্বের জায়গা থেকে আমাদের মধ্যে কাজের বোঝাপড়া বেশ ভালো। একসময় লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বেশ কয়েকটি ইভেন্টের উপস্থাপনার অভিজ্ঞতা আমার আছে। সব মিলে কাজটি সহজ হয়েছে।’
পর্দায় এভাবে কখনো উপস্থাপনা করা হয়নি ইমনের। কিন্তু সঙ্গে সহশিল্পী কুসুম শিকদার থাকার কারণে কাজটি করতে তাঁর খুব একটা সমস্যা হয়নি বলে জানান ইমন। বলেন, ‘উপস্থাপনা সহজ কাজ নয়। কিন্তু কুসুম থাকার কারণে সহজ হয়েছে। আমরা আগে থেকেই ভালো বন্ধু। দুজনের মধ্যে বোঝাপড়ার জায়গাটাও বেশ শক্ত। ফলে সহজেই উতরে যেতে পেরেছি। চমৎকারভাবে কাজটি করতে পেরেছি।’
এই চিত্রনায়ক আরও বলেন, ‘অনুষ্ঠানে যাঁরা অতিথি হিসেবে এসেছিলেন, তাঁরা আমার দীর্ঘদিনের সহশিল্পী। ফলে কাজটি করতে আরও বেশি সাহস পেয়েছি।’
অনুষ্ঠানটির প্রযোজক নুর আনোয়ার জানান, অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডিপজল, ওমর সানী, নিপুণ আক্তার, শবনম বুবলী, তানজিন তিশা, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল প্রমুখ।
‘তারার মেলা’ অনুষ্ঠানটি ঈদুল আজহার অনুষ্ঠানমালার তৃতীয় দিন রাত ১০টা ২৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
