আক্ষেপ করলেন অভিনেতা ডন

ঢাকাই ছবির আলোচিত অভিনেতা ডন। খল চরিত্রে তার জুড়ি নেই। এখনও মানসম্মত কাজ উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে? ডন বলেন, একটি মিউজিক ভিডিওতে কাজ করলাম। গানের শিরোনাম ‘ও বাবু রে’। আমার সঙ্গে প্রিয়া অনন্যা নামে একজন মডেল ছিলেন। গানটি গেয়েছেন সংগীতশিল্পী মুনা চৌধুরী।

গানটির গীতিকার ও সুরকার রানা শেখ। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ। সম্প্রতি এফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে। কোরবানি ঈদে আপনারা দেখতে পাবেন। আমার অনেক কাজের মধ্যে এটা একটা ভালো এবং সুন্দর কাজ। আশা করি দর্শকদের ভালো লাগবে।

আপনি তো সবসময় সিনেমায় কাজ করেন। হঠাৎ মিউজিক ভিডিওর মডেল হলেন কেন? ডন বলেন, এটা আমাদের কাজেরই অংশ। বড় কিংবা ছোট পর্দা সব জায়গাতে অভিনয়ই করতে হচ্ছে। খুব বেশি ভিন্নতা খুঁজে পাই না। মিউজিক ভিডিও না অন্য কীছু সেটা আমার দেখার বিষয় না।

সিনেমার কী অবস্থা? এ অভিনেতা বলেন, গত ঈদুল ফিতরে আমার অভিনীত ‘শান’ ও ‘বিদ্রোহী’ ছবি দুটি মুক্তি পায়। এরপর চলতি মাসে ‘বিক্ষোভ’ ও ‘অমানুষ’ মুক্তি পেয়েছে। সবকটি ছবি থেকেই মোটামুটি ভালো সাড়া পেয়েছি। আর এখন মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়াবৃক্ষ’ ছবিটি।

বর্তমান সিনেমার পরিস্থিতি নিয়ে কী বলবেন? এসময় আক্ষেপ করে ডন বলেন, একটা সময় আমরা দম ফেলার সময় পেতাম না। এখন তো প্রোডাকশন কমে গেছে। করোনাসহ নানা জটিলতা প্রযোজকরা প্রযোজনা কমিয়ে দিয়েছে।

তিনি বলেন, তারপরও আমি মনে করি, যতটুকুই কাজ হচ্ছে মেধাসম্পন্ন লোকদের দিয়ে করানো দরকার। ভালো কাজকে সবসময় সাপোর্ট দেওয়া উচিত। তাহলে উন্নতির একটা সম্ভাবনা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *