Home আলোচিত ২২ মণ ওজনের ‘হিরো আলমের’ দাম ৮ লাখ

২২ মণ ওজনের ‘হিরো আলমের’ দাম ৮ লাখ

0
147

বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ার যুবক নুর আমিন জিয়াম। শখের বশে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় পালন করেছেন। কুচকুচে কালো ও সাদা রঙের ষাঁড়টির নাম রেখেছেন ‘হিরো আলম’।

৮ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার ষাঁড়টির ওজন প্রায় ৯০০ কেজি (২২ মণ)। সাড়ে তিন বছর বয়সী ‘হিরো আলম’র দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা।

এরই মধ্যে ষাঁড়টি এলাকায় বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখতে আসছে। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নুর আমিন কোরবানির ঈদ উপলক্ষে ষাঁড়টি বিক্রি করবেন।

নুর আমিন হামদর্দ ইউনানী মেডিক্যালে কলেজ পড়াশোনা করছেন। পাশাপাশি বাবা’র ব্যবসায় সহযোগিতা এবং গরু পালন করছেন।

নুর আমিন বলেন, তার বাবা দাদা’রা পূর্ব থেকেই বাড়িতে গরু পালন করতেন। ‘হিরো আলম’ তাদের বাড়িতেই জন্মগ্রহণ করেছে। বয়স প্রায় ৪ বছর। তবে তাদের বাড়িতে গরু পালন করলেও এত বড় কখনও করা হয়নি। অল্প সময়ের মধ্যেই গরু বিক্রি করা হতো। যে কারণে জন্মের কয়েক মাস পরই নুর আমিন তার বাবাকে বলেন, তিনি ষাড়টি পালন করতে চান। তার বাবা রাজি হয়ে গেলে শখ থেকেই ষাড়টিকে লালন পালন শুরু করেন।

নুর আমিন জানান, ষাড়টির পরিচর্যায় তিনি কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ব্যবহার করেননি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল, ভুষি, চালের কুড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন পালন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত দুই বার করে গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়াসহ প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।

তিনি বলেন, ষাড়টির যে ওজন এত বেশি হবে বুঝতে পারিনি। হঠাৎ করেই ষাড়টি এতটা স্বাস্থ্যবান হয়েছে। ষাড়টি পালন করতে করতে তার ওপর অনেক মায়া জন্মে গেছে। আর এ কারণে ভালোবেসে ষাড়টি’র নাম দিয়েছি ‘হিরো আলম’।

নুর আমিন জানান, তিনি ষাড়টিকে বাড়ি থেকেই বিক্রি করতে চান। যে কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও ষাড়টির বিবরণ দিয়ে বিক্রি করতে চাচ্ছেন। তিনি ষাড়টির দাম চেয়েছেন ৮ লাখ টাকা। তিনি ধারণা করছেন ৭ লাখ টাকার উপরে তিনি বিক্রি করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here