পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

ঢাকা; পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। রবিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

বিবরণীতে বলা হয়, আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। আজ (রোববার) সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সকালে যান চলাচল শুরুর পর দিনভর সেতুতে মোটরসাইকেলের আধিক্য দেখা যায়। যাত্রীদের বেশিরভাগই ছিলেন দর্শনার্থী। অনেকে দলবেঁধে মোটরসাইকেলে বন্ধুবান্ধব নিয়ে সেতুতে ভিড় করেন।

মোটরসাইকেল থেকে সেতুতে নেমে অনেককে ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে দেখা যায়। যদিও সেতুতে থেমে ছবি তোলায় রয়েছে নিষেধাজ্ঞা।

উৎসুক মোটরসাইকেলচালকদের ভিড়ে রোববার সারাদিনই সেতুর দুই প্রান্তেই বেশ চাপ সৃষ্টি হয়। সবার আগে সেতু পার হওয়ার প্রবণতায় বাইকচালকরা বিশৃৃঙ্খলা শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের সামাল দিতে হিমশিম খেয়ে যান।

বাইকাররা বিশৃঙ্খলা তৈরি করেন টোল প্লাজায়। নির্দিষ্ট লেন না মেনে প্রায় সব লেনেই ভিড় করেন। এতে অন্য কোনো গাড়ি প্রবেশও করতে পারে না টোল প্লাজায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *