খুলে গেল স্বপ্নের দুয়ার। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অবিস্মরণীয় মাত্রা পেলো। তাই পদ্মা সেতু নিয়ে দেশের মানুষের আবেগের অন্ত নেই।
অনেকেই গর্ব অনুভব করছেন, উচ্ছ্বাসে পোস্ট দিচ্ছেন, সক্ষমতার-জয়ের গান গাইছেন। শোবিজ তারকারাও এর বাইরে নন।
ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘নানা বাধাবিঘ্নের পর অবশেষে চালু হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্তে আস্তে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ। দেশের ২১টি জেলার মানুষ এই সেতু দিয়ে পদ্মা পার হলেও আমি মনে করছি পুরো দেশের মানুষ এই সেতুর সুফল ভোগ করতে পারবেন। দেশের উন্নয়নে নতুন একটি দ্বার উন্মোচিত হলো।’
এই চিত্রনায়িকা আরও বলেন, ‘দক্ষিণ উপকূলের মানুষ জীবন-জীবিকার তাগিদে ঢাকামুখী ছিল। পর্যটনখাতও বেশ পিছিয়ে আছে। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণ উপকূলের কৃষি, পর্যটন ও শিল্প বিকাশের অবারিত সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সুফল মিলবে সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায়।’
