আমরা মাথা নোয়াইনি, আমরা মাথা নোয়াব না: প্রধানমন্ত্রী

উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর। মুন্সীগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশে যোগ দিয়ে সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ১১টার দিকে তিনি বক্তব্য শুরু করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করেন। তিনি বলেন, ‘জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।

‘আমরা মাথা নোয়াইনি, আমরা মাথা নোয়াব না। জাতির পিতা আমাদের মাথা নোয়াতে শিখান নাই।’

তিনি বলেন, আমি আনন্দিত, গর্বিত, উদ্বেলিত। এ সেতু শুধু ইট-সিমেন্টের অবকাঠামো নয়, এ সেতু আমাদের মর্যাদার শক্তি। এর সঙ্গে জড়িত আমাদের আবেগ, সৃজনশীলতা, সহনশীলতা।

বক্তব্যে দেশবাসী ও পদ্মাপাড়ের দুই পাড়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের সবচেয়ে বড় এ যোগাযোগ অবকাঠামোর উদ্বোধন উপলক্ষে পদ্মার দুই তীরের পাশাপাশি সারা দেশেই চলছে উৎসব। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ঠিক ১০টায় মাওয়ায় আয়োজিত সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে দেশের সবচেয়ে বড় এ যোগাযোগ অবকাঠামোর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী টোল দিয়ে সেতু পেরিয়ে যাবেন ওপারে, শরীয়তপুরের জাজিরায়। পরে মাদারীপুরের বাংলাবাজারে অংশ নেবেন আওয়ামী লীগ আয়োজিত লাখো মানুষের জনসভায়। রোববার পদ্মা সেতু খুলে দেওয়া হবে চলাচলের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *