নির্মাতা, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন বলেছেন, মুক্তিযুদ্ধ না দেখলেও আমরা পদ্মা সেতু দেখছি, অসাধারণ একটি অনুভূতি।
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশস্থলে পৌঁছে এসব কথা বলেন তিনি।
শাওন বলেন, বাঙালি জাতি হচ্ছে হার না মেনে নেওয়ার জাতি। যেভাবেই হোক আমরা আদায় করে নিতে পারি। প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। জাতিগতভাবে আমাদের মনোবল যে দৃঢ় তা আরও একবার প্রমাণিত হলো এ পদ্মা সেতু মাধ্যমে।
সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মার পাড় সেজেছে নতুন রূপে। পদ্মা সেতুর উদ্বোধনের এ আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে।
এদিকে, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট এবং আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সরকারি গোয়েন্দা সংস্থা।
