মা হতে চলার প্রতিটি মুহূর্ত দারুণভাবে অনুভব করছেন পরীমনি। প্রতিটা মুহূর্তই তার কাছে ঐশ্বরিক লাগছে। আর সেসব অনুভূতিতে পাশে পাচ্ছেন স্বামী রাজকে। অভিনয়, ডাবিং, অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে সব ধরনের কাজ বন্ধ রেখে শুধু অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন পরী। যেখানে রাজ হয়ে উঠেছেন নিরাপদ স্থল।
গত ১০ জানুয়ারি আচমকাই মা হতে যাওয়ার খবর জানান পরীমণি। এও জানান, তার অনাগত সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। পরে ধুমধাম করে আলোচিত এই চিত্রনায়িকার বনানীর বাড়িতে ফের বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন। এবার অভিনেত্রীর সংসারে নতুন সদস্য আসার অপেক্ষা।
সম্প্রতি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছি। শরীরের মধ্যে একটি নতুন প্রাণ প্রতি মুহূর্তে বেড়ে উঠার অনুভূতি আমাকে বারবার শিহরিত করছে। চিকিৎসক আমাকে সর্বোচ্চ সাবধানে চলাফেরা করতে বলেছেন। এই বিশেষ মুহূর্তে সিনেমা সংশ্লিষ্ট সব ধরণের কার্যক্রম একেবারে বন্ধ রেখেছি।’
স্বামীর প্রশংসা করে পরীমনি বলেন, ‘রাজ শতভাগ দেখভাল করছে। সারাক্ষণ আমার যত্ন নিচ্ছে। সোমবারও নিয়মিত চেকআপের জন্য নিয়ে গিয়েছিল হাসপাতালে। এছাড়া পছন্দের নানা ধরনের ডিশ নিয়মিত রান্না করে আমাকে খাওয়াচ্ছে।
ছেলে নাকি মেয়ে আসছে নায়িকার কোলজুড়ে? জানতে চাইলে নায়িকা জানান, ‘অন্তঃসত্ত্বা হওয়ার ২৭ সপ্তাহ পার হয়েছে। ডাক্তার এখনো নির্দিষ্ট সময় দেননি। আশা করছি, আগামী ১০ কী ১২ সপ্তাহ পরই আমার সন্তান পৃথিবীতে আসবে। সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। তবে ছেলে না মেয়ে হবে, তা জানি না। জানতে চাইও না। আল্লাহ যা দেবে, তাতেই খুশি।’
