বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের মানুষরা। ইতোমধ্যেই সেখানকার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই।
এবার সিলেটের ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এই অভিনেত্রী জানান, তার জন্মস্থান সিলেটে। কিন্তু, কাজের সুবাদে ঢাকায় থাকেন।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মাহি বলছিলেন, ‘যখন শুনলাম—আমার চঞ্চলের মানুষ দুর্বিষহ দিন কাটাচ্ছেন। তখন আর কিছু না করে বসে থাকতে পারলাম না। কাছের কয়েক জন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মিলে একটা ফান্ড গঠন করেছি, সেটাই এক দিনের মধ্যে। সে ফান্ড থেকে যে অর্থটা আমরা এক করতে পেরেছি, তা দিয়ে আজ ২০০ পরিবারকে ১২ কেজি করে খাবার পৌঁছে দিয়েছি।’
মাহি আরও বলছিলেন, ‘ইচ্ছে আছে সামনে আরও বড় কিছু করার সিলেটের মানুষের জন্য। আমার নিজের খুবই ইচ্ছে ছিল সিলেটে যাওয়ার। কিন্তু, যাওয়া হলো না। কারণ, সামনে ঈদের ১৫ দিনের মত বাকি আছে। বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের টেড আগে থেকেই চূড়ান্ত করা আছে।’
২০১৬ সালে র্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সামিরা খান মাহি। টেলিভিশন নাটকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী।
