মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ব্র্যাক কর্মকর্তা নিহত

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারায়ন চন্দ্র পাল (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুন) দুপুরে উপজেলার বড়তাকিয়ার খৈয়াছড়া ঝর্ণার রাস্তায় রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারায়ন নোয়াখালী জেলার কবিরহাট থানার পশ্চিম দরদনগর এলাকার মৃত সুদেব পালের পুত্র। তিনি মীরসরাইয়ে এনজিও সংস্থা ব্র্যাকের ওয়াশ প্রোগ্রামের এরিয়া সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত ব্যক্তি পশ্চিম খৈয়াছড়া এলাকার বিকাশ চন্দ্র দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ২টার সময় উপজেলার খৈয়াছড়া রেলগেইট সংলগ্ন ঝরনা রোড এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

নিহতের স্ত্রী উর্মি সাহা জানান, আমার স্বামী দুপুর ১১ টায় বাসা থেকে বের হয়েছেন কিছু বাজার সদাই কিনবেন বলে। উনি দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকায় ১৫দিনের ছুটি নিয়েছিলেন। তিনি হতাশাগ্রস্তও ছিলেন।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জেনেছি, দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে নারায়ন মারা গেছে। এসময় দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *