আসছে কোরবানি ঈদে থাইল্যান্ড থাকার কথা ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। সেখানে কলকাতার সিনেমা বিবাহ অভিযান ২ এর শুটিং হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। তিনি জানান, বিবাহ অভিযান ২ সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। তাকে জানানো হয়েছে বিষয়টি।
তাহলে নুসরাত ফারিয়া ঈদে কি দেশেই থাকছেন? নাকি যুক্ত হচ্ছেন অন্য কোনো প্রজেক্টে? জানাননি সে বিষয়ে।
শুটিং স্থগিত হওয়া নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বলা হয়, অনির্দিষ্ট সময়ের জন্য কাজটি নাকি পিছিয়ে গেছে।
এসভিএফ প্রযোজিত সিনেমাটির প্রথম কিস্তি নির্মাণ করেছিলেন বিরশা দাশগুপ্ত। তবে সিক্যুয়ালে তার বদলে পরিচালনার দায়িত্ব পালন করার কথা সায়ন্তন ঘোষালের। পরিচালক বদল হলেও অভিনয়শিল্পীরা সব একই থাকছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কাজ বন্ধ হওয়ার পেছনে নাকি রাজনৈতিক কারণ জড়িত। সিনেমাটির প্রথম কিস্তির কাহিনিকার ও সিনেমার অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। সিক্যুয়েলেও ছিলেন দুটি পরিচয়েই। তার কারণেই নাকি সমস্যা।
রুদ্রনীল বলেন, ‘প্রযোজনা সংস্থা জানিয়েছে, কোনো একটি বিশেষ কারণে আপাতত সিনেমা শুটিং পিছিয়ে দেয়া হচ্ছে।’
