নওগাঁ: নওগাঁ সদর উপজেলার বাবলাতলি নামক এলাকায় ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলি বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয় ট্রাকটি।
স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন। পথে এই ঘটনা ঘটে।
