সবাইকে এক হতে বললেন ইলিয়াস কাঞ্চন

সিনেমার সংকট কাটাতে দেশের সিনেমা হল মালিকরা এরআগে একাধিকবার ভারতীয় সিনেমা আমদানির উদ্যোগ নিয়েছিলেন। তখন এমন উদ্যোগের বিপক্ষে অবস্থান নেয় পরিচালক সমিতিসহ এফডিসির সকল সংগঠন।

তবে ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা’ তৈরী হওয়ায় হল মালিকদের পুরনো সেই দাবির সঙ্গে পরিচালক সমিতিসহ সিনেমার সঙ্গে জড়িত সংগঠনগুলো একাত্মতা প্রকাশ করে জানিয়েছে, ‘দেশের সিনেমা হলে ভারতীয় সিনেমা চলুক’।

এদিকে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও। তিনি বলেন, আমরা ছবির সংখ্যা বাড়াতে পারিনি। তাই ভারতীয় ছবি আমদানির প্রস্তাবনা দেওয়া হয়েছে। একটা সময় বেঁধে দিয়ে আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। সিনেমা আমদানির মাধ্যমে যদি বন্ধ সিনেমা হল খুলতে পারি, তাহলে এর মাধ্যমে বেনিফিট হতে পারে বলে মনে করি।

তিনি বলেন, সরকার সবকিছু করে দেবে না। যদি আমরা সবাই এক সুরে কথা বলি, তাহলে সরকার কিছু করবে। সেজন্য সবাইকে এক হতে হবে। সিনেমা হলগুলো চালু না রাখলে ব্যবসা হবে না। আর ব্যবসা না করলে প্রযোজক আরেকটা ছবি বানাতে পারবেন না। কারণ একটি সিনেমা বানাতে অনেক টাকা লগ্নি করতে হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমি সেই ছবিতে কাজ করলাম কি না, সেটা বড় কথা না। আমি চাই বেশি বেশি সিনেমা নির্মিত হোক। শিল্পীরা যেন কাজ করতে পারেন, সেই চেষ্টা আমি করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *