তারকা স্ত্রী মৌসুমীকে নিয়ে সুসংবাদ শোনালেন ওমর সানী। বিতর্কিত অভিনেতা জায়েদ খানকে নিয়ে তাদের মধ্যে যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়েছিল, তা মিটে গেছে বলে এক অডিও বার্তায় জানিয়েছেন ‘কুলি’ খ্যাত চিত্রনায়ক। সঙ্গে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন। ছুঁড়ে দিয়েছেন নানা প্রশ্ন।
সোমবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো ওই অডিও বার্তায় ওমর সানী দাবি করেছেন, ‘আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা মিটে গেছে। আমরা একই ছাদের নিচে একসঙ্গে আছি। এক ঘরে থাকছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা- সবাই একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।’
তার এবং মৌসুমীর কিছু কথা এডিট করে রংচং লাগিয়ে প্রচার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ওমর সানী। বলেন, ‘মৌসুমী আমার স্ত্রী। আমি তো চরিত্র নিয়ে কথা বলছি না। আপনাদের কে বলেছে তার জনপ্রিয়তার শৃঙ্খলে আঘাত করার? আপনাদের এই অধিকার কে দিয়েছে?’
অভিনেতা অভিযোগ করেন, ‘এডিট করে একজনের কথা আরেকজনের মধ্যে ঢুকিয়ে সাংসারিক দূরত্ব আপনারাই সৃষ্টি করছেন। এসব এডিটিং মার্কা জিনিস ছেড়ে দেন দয়া করে। যারাই এটি করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’
দাম্পত্য কলহ সম্পর্কে ওমর সানীর প্রশ্ন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা খুনসুটি, হালকা দূরত্ব কার না হয়? আপনার মা-বাবার মধ্যে ছিল না? আপনার পাড়া–প্রতিবেশীর মধ্যে এটি দেখেছেন না? বা আপনার নিজের মধ্যে কি এটি নেই? আমরা কি দুধে ধোয়া তুলসী পাতা? তাহলে কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন?’
এর আগে মৌসুমী গণমাধ্যমে দেওয়া অডিও বার্তায় স্বামী ওমর সানীকে ‘ভাই’ বলে সম্মোধন করেন। এ প্রসঙ্গে অভিনেতার সাফাই, ‘রাগ করে ও (মৌসুমী) অনেক সময় আমাকে ভাই বলে। আমিও তাকে আপনি করে বলি, ম্যাডাম বলি। এতে তো কোনো সমস্যা দেখছি না।’
উল্লেখ্য, গত ১০ জুন খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পি’স্তল ঠেকিয়ে হু’মকি দিয়েছে। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানী। তাতে বলেছেন, জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে।
যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন জায়েদ খান। এমনকি চড়-পি’স্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি। এরপর সোমবার (১৩ জুন) মৌসুমী নিজেও মুখ খোলেন। তিনি স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানের পক্ষ নিয়ে বক্তব্য দেন। ফলে ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়।
এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সানী-মৌসুমীর ছেলে ফারদিন। তিনি জানান, তার মা (মৌসুমী) রাগের মাথায় বিবৃতি দিয়েছেন। জায়েদ খান তার মাকে বিরক্ত করেন। এ নিয়ে তার বাবা-মায়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।
