আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড়-পদ্মা সেতু। অনেক স্বপ্ন ও গৌরবের সেতুটি অবশেষে চালু হচ্ছে নানা চড়াই-উতরাই পেরিয়ে। যেখানে মিশে আছে দেশের ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসা।
সাধারণ মানুষের পাশাপাশি এ নিয়ে উচ্ছ্বসিত দেশের শোবিজ তারকারাও।
অভিনেত্রী অহনা পটুয়াখালীর মেয়ে। ফলে বিভিন্ন সময় পদ্মা পাড়ি দেওয়ার বিড়ম্বনা তাকে সইতে হয়েছে। সেতু হওয়ার ফলে এখন খুব সহজেই বাড়ি যেতে পারবেন তিনি। ফলে গর্বের পাশাপাশি সেতু নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি!’
অহনা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘গত পরশু সকালে বরিশাল থেকে লঞ্চে ঢাকা এসেছি। নাটকের শুটিং ছিল। সময় থাকলে লঞ্চ জার্নি অনেক মজার। আর সময় বাঁচাতে চাইলে সড়ক পথের বিকল্প নেই। তবে সড়ক পথে আমাদের বাড়ি যেতে পদ্মা পার হতে গিয়ে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়েছি। ফেরি পার হতে দীর্ঘ সময় লেগে যেত। তাছাড়া ফেরি পারাপারে জ্যামের একটা বিষয় ছিল। সেতু হওয়ার কারণে এখন সময় কিল হবে না। মানুষ খুব আরামে যেতে পারবে। এসব ভেবে খুবই ভালো লাগছে!’
ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রজন্মের অভিনেত্রী অহনা মিডিয়ায় নাম লেখান। এরপর বড়পর্দা ও ছোটপর্দা দুই ভুবনেই অভিনয় করেছেন। ব্যস্ততম এই শিল্পী মাঝখানে বিরতি নিয়েছিলেন। তবে আবারও ক্যামেরায় ফিরেছেন তিনি। কাজ করছেন নিয়মিত।
