৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে সুনামগঞ্জ যাচ্ছে ‘অমানুষ’ টিম

সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছে না প্রশাসন।

এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তেমনই একটি উদ্যোগ নিয়েছে শুক্রবার (১৭ জুন) মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অমানুষ’ টিম!

সিনেমাটির মুক্তির পরদিনই ছবির পরিচালক অনন্য মামুন ও নায়ক নিরব ঘোষণা দিয়েছিলেন এ সিনেমার প্রথম সপ্তাহে আয়কৃত সকল টাকা তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের হাতে। সেই ঘোষণার দুই দিনের মাথায় জানা গেল, খাদ্যসামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকায় যাচ্ছেন ‘অমানুষ’ টিম।

সোমবার (২০ জুন) দুপুরে ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন সিনেমাটির নায়ক নিরব হোসাইন। এসময় প্যাকেটজাত খাদ্যসামগ্রীর একটি ভিডিওও শেয়ার করেছেন তিনি।

নিরব ক্যাপশনে লেখেন, দান কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, তবে আপনার কোন কাজ যদি মানুষকে উৎসাহ প্রদান করে সেটার প্রচার করা দরকার। ‘অমানুষ’ টিম ৫০০ পরিবারের জন্য সাহায্য নিয়ে আজ যাবে সুনামগঞ্জের উদ্দেশ্য।

জানতে চাইলে নিরব বলেন, ‘কথা দিয়েছিলাম প্রথম সপ্তাহে ‘অমানুষ’ থেকে যত টাকার টিকেট বিক্রি হবে, সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে। আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি।’

অভিনেতা আরও বলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও আমি সুনামগঞ্জে যেতে পারছি না। তবে অমানুষ টিম প্রথম ধাপে আজ বন্যা কবলিতদের শুকনো খাবার-মুড়ি, চিড়া, কেক, বিস্কুট, বিশুদ্ধ পানি, গুড়, মোমবাতি, দিয়াশলাইসহ আরও কিছু প্রয়োজনী জিনিস প্যাকেট করে দুর্যোগ কবলিতদের মাঝে পৌঁছে দিবে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ জুন) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমানুষ। যার মাধ্যমে অভিষেক হয়েছে রাফিয়াত রশিদ মিথিলার। তিনি নিরবের বিপরীতে অভিনয় করছেন। ছবিটিতে আরও আছেন মিশা সওদাগর, কাজী নওশাবা, রাশেদ মামুন অপুসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *